
৭ ফেব্রুয়ারি বিজেপি আসাম প্রাদেশিক ইউনিটের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটি মুসলিম বিরোধী উস্কানিমূলক ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে টুপি পরিহিত মুসলিমদের উপর প্রতীকী গুলি চালাচ্ছে।
এই ক্লিপটিতে মুখ্যমন্ত্রীর রাইফেল চালানোর আসল ফুটেজ রয়েছে, এর সাথে এআই-জেনারেটেড বিভিন্ন চিত্র একত্রিত করা হয়েছে। যার সারমর্ম হল, বাঙালি মুসলিমদের টার্গেট করে শট করা হচ্ছে। ভিডিও’র ক্যাপশনে লেখা হয়েছে, “পয়েন্ট ব্ল্যাঙ্ক শট”।
ভিডিওতে উপস্থাপিত লিখাগুলোতে রয়েছে, ‘বিদেশি মুক্ত আসাম’, ‘কোনও দয়া করা হবে না’, ‘তারা কেন পাকিস্তানে চলে যায় না?’ এবং ‘বাংলাদেশিদের জন্য ক্ষমা নেই’। এই ভিডিও আসামের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একটি উস্কানিমূলক এবং আক্রমণাত্মক বার্তা বহন করছে।
ভিডিওটি এমন এক সময়ে সামনে এলো যখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ধারাবাহিকভাবে আসামের বাংলাভাষী ‘মিঞা’ সম্প্রদায়ভুক্ত মুসলিমদের বিরুদ্ধে কড়া মন্তব্য করে চলেছে। সম্প্রতি সে এক জনসভায় বলেছিল, সে ‘মিঞা’ মুসলিমদের ভোগান্তি পোহাতে বাধ্য করবে। এছাড়া সে বিজেপি কর্মীদের নির্দেশ দিয়েছিল যে, ভোটার তালিকা যাচাইয়ের সময় বাংলাভাষী মুসলিম ভোটারদের যেন তালিকা থেকে বাদ দেওয়া হয়।
বিজেপির এই পোস্টটি নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। এটিকে ‘হেট স্পিচ’ বা ঘৃণ্যমূলক বক্তব্য হিসেবে অভিহিত করা হচ্ছে। এছাড়া সমালোচকরা অভিযোগ করেছে যে, এই ভিডিওতে মুসলিমদের বিরুদ্ধে সরাসরি সহিংসতাকে উস্কে দেওয়া হয়েছে।
সাবেক আমলারা ইতিমধ্যেই এই ধরণের মন্তব্যের বিরুদ্ধে সরব তুলেছে এবং সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছে। তাদের অভিযোগ, এই ধরনের বক্তব্য সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী।
অন্যদিকে, বিজেপির সমর্থকরা এটিকে ‘ব্যঙ্গাত্মক’ হিসেবে দেখছে। তাদের মতে, এটি নাকি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে সরকারের অনমনীয় অবস্থানের বহিঃপ্রকাশ।
বিশিষ্ট সাংবাদিক রানা আইয়ুব ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি শীর্ষস্তরের চরম নৈতিক অবক্ষয়। একদিকে প্রধানমন্ত্রী মোদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় উষ্ণ অভ্যর্থনা নিয়ে কথা বলছে, অন্যদিকে তার দলের হ্যান্ডেল থেকে মুসলিমদের লক্ষ্য করে গুলি চালানোর মিম শেয়ার করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/s6yctnfr
2. https://tinyurl.com/4nm67snv


