
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের তারুয়া সমুদ্র সৈকত সংলগ্ন এলাকার শ্রমিক দল নেতা জাহাঙ্গীর বাহিনী ওরফে কোরল জাহাঙ্গীরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নারী-পুরুষরা।
দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, গত বুধবার (১১ মার্চ) বিকেলে তারুয়া সমুদ্র সৈকত সড়কে শত শত নারী-পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা শ্রমিক দল নেতা জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা যায়, চালচর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হাতেম আলীর ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কোরল জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা এলাকায় মাদক ব্যবসা, চুরি, অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে আসছে। এসব ঘটনার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে বসবাস করছে।
স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্রের আশ্রয়ে দীর্ঘদিন ধরে কোরল জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মাদক ব্যবসা পরিচালনা করছে। এছাড়া রাতের বেলায় বাড়িঘরে চুরির ঘটনাও ঘটাচ্ছে। মাঝে মাঝে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, বিভিন্ন নারীদের কুপ্রস্তাব দেয় জাহাঙ্গীর ও তার ছেলেরা। গত সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কোরল জাহাঙ্গীরের ছেলে এমরান, আল-আমিন ও সজিব তাদের বাড়ির টয়লেটের বদনায় মরিচের গুঁড়ো দেয়। এতে তারা আহত হন। বিষয়টি তাদের পরিবারকে জানালে উল্টো হামলা করা হয় এবং এতে ৫-৬ জন আহত হন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা জানান, দ্রুত সময়ের মধ্যে কোরল জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আরও বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তথ্যসূত্র:
১। ঢালচরে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ মানুষ
- https://tinyurl.com/mtdp5acn


