
নীলফামারীর সৈয়দপুরে শবনম বেগম নামে এক অসহায় গৃহবধূকে জোরপূর্বক বের করে দিয়ে তার বাড়ি দখলে নিয়েছে হোসেন গুড্ডু নামে এক স্থানীয় বিএনপি নেতা। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, শবনম বেগম প্রায় ২২ বছর ধরে সৈয়দপুর রেলওয়ে কারখানার সামনে সাহেবপাড়া ক্যান্টিন এলাকায় একটি বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি ওই বাড়ি রেলওয়ের সরকারি জায়গায় অবস্থিত বলে দাবি করে তাকে এবং পাশের আরেকটি পরিবারকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।
মামলার অভিযোগে বলা হয়, গত সোমবার (৩০ মার্চ) বিকেলে হোসেন গুড্ডু, শাহাবুল ইসলাম, আজাদ ও নাদিম রেজাসহ কয়েকজনকে নিয়ে শবনম বেগমের বাসায় গিয়ে তাকে বের হয়ে যেতে বলে। এতে তিনি আপত্তি জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে ঘরের আসবাবপত্র বাইরে ফেলে দিয়ে বাড়িটি দখল করে তালা ঝুলিয়ে দেয় তারা। এ সময় ঘরে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শবনম বেগম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এখানে ভাড়া থাকি। আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমার থাকার কোনো জায়গা নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনাটি প্রকাশ্যেই ঘটেছে। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেননি।
জায়গাটি রেলওয়ের সরকারি হলেও অভিযুক্ত বিএনপি নেতার দাবি, বাড়ির মালিক জায়গাটি বিক্রি করেছে। সে অনুযায়ী ভাড়াটিয়াকে সরানো হয়েছে।
তথ্যসূত্র:
১। অসহায় গৃহবধূর বাড়ি উচ্ছেদ করে দখল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
– https://tinyurl.com/y5ndjfft


