
নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন (৩২) নামে এক যুবকের অর্ধগলিত পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর লাশটি আগুনে পোড়ানো হয় বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক যুগান্তর জানায়, গত রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রীর পোল সংলগ্ন ঝোপ থেকে এ লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত খোকন একই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, খোকন পেশায় একজন দিনমজুর ছিল। গত ২ এপ্রিল রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার (৪ এপ্রিল) রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯০) করা হয়।
স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা অন্যত্র তাকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা করে লাশ চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রীর পোল সংলগ্ন ঝোপের মধ্যে ফেলে যায়। পরে রোববার রাতে স্থানীয়রা ঝোপের মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, লাশটি পোড়ানো হয়েছে। তবে ফরেনসিক রিপোর্ট না পেলে এ ব্যাপারে মন্তব্য করা যাচ্ছে না। তবে এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাত নামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র:
১। নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
– https://tinyurl.com/swrx4rkr


