
চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে মিনহাজ উদ্দিন নামে এক যুবদলকর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ।
গণমাধ্যম সূত্রে জানা যায়, গত সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরের বাকলিয়া থানাধীন বলুয়ার দিঘীরপাড় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মিনহাজ উদ্দিন বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার মৃত মিজানের ছেলে।
ঘটনার জেরে পাল্টা হামলায় আরমান প্রকাশ এঞ্জেল নামে আরও একজন আহত হয়েছেন। আহত এঞ্জেল বাকলিয়া থানার বউবাজার এলাকার মৃত রফিকের ছেলে।
জানা যায়, সকাল ১০টার দিকে আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় মিনহাজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। ধারালো অস্ত্র দিয়ে তার হাতের একটি কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় মিনহাজকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে দুপুর দেড়টার দিকে দক্ষিণ বাকলিয়ার বউ বাজার এলাকায় মিনহাজের অনুসারীরা পাল্টা হামলা চালায়। এ সময় এঞ্জেলের ওপর হামলা করা হয় এবং তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় সে একটি বাসায় আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন মুহাম্মদ কবির ভুঁইয়া জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। এতে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয় এবং পরে পাল্টা হামলার ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল নগরের বাকলিয়া থানার মিয়া খান নগর এলাকায় গোলাগুলি ও কুপিয়ে চারজনকে আহত করা হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার এবং একটি শটগানসহ গুলি উদ্ধার করে।
তথ্যসূত্র:
১। চট্টগ্রামে যুবদলকর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন, আদালতে যাওয়ার পথে হামলা
– https://tinyurl.com/mumktj4t


