
গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় এক দিনে শহীদের সংখ্যা বেড়ে অন্তত ১৭ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। ২ আগষ্ট, রবিবার স্থানীয় সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ হামলায় গাজা সিটির পশ্চিমাঞ্চলের রিমাল এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে দুই ফিলিস্তিনি শহীদ হন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।
রবিবার ভোর থেকে গাজার বিভিন্ন এলাকায় চালানো বিমান ও ড্রোন হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হন। গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-সৌসি টাওয়ারের একটি আবাসিক ফ্ল্যাটে হামলায় ৩৩ বছর বয়সী আবদুল্লাহ আবু তাইফ, তার ২৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে আজ্জাম শহীদ হন। আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।
খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আল-কারারা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় একটি পরিবারের তিন সদস্য শহীদ হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে নাসের হাসপাতাল জানিয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ইসরায়েলি হামলায় ১৫২ জন শহীদ হয়েছেন, যা চলতি বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। শহীদদের মধ্যে ২১ শিশু, ১৪ নারী ও চারজন বয়স্ক ব্যক্তি রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনায় হামলার কারণে হতাহতের সংখ্যা বেড়েছে।
তথ্যসূত্র
1.Israel kills 17 in Gaza as attacks escalate despite latest Trump plan
– https://tinyurl.com/4bxubeaj


