
নাটোরের লালপুরে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা। ছিনতাইয়ের সময় ব্যাগের টানে ঐ নারী চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে আহত হন। দিনের আলোয় ব্যস্ত সড়কে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা পৌনে ১১টায় লালপুর-গোপালপুর সড়কের যুব উন্নয়ন কমপ্লেক্স সংলগ্ন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জেসমিন নাহার (৩৮) উপজেলার গোপালপুর পৌর এলাকার বৈদ্যনাথপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী।
সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার সকালে জেসমিন নাহার ডাচ-বাংলা ব্যাংক লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে একটি ভ্যানযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। লালপুর-গোপালপুর সড়কের যুব উন্নয়ন কমপ্লেক্সের সামনে ব্রিজের কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি হঠাৎ টান দিয়ে ছিনিয়ে নেয়। ব্যাগের টানে তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে আহত হন। এরপর ছিনতাইকারীরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী জানায়, ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগে ব্যাংক থেকে উত্তোলন করা ১ লাখ ৮০ হাজার টাকা ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
ঘটনার পর স্থানীয়রা জেসমিন নাহারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তিনি এই ঘটনায় লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে, পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে ও গ্রেপ্তার করতে পারেনি।
তথ্যসূত্র:
১। লালপুরে নারীর লাখ টাকা ছিনতাই, থানায় অভিযোগ
– https://tinyurl.com/5mx9c8u9


