
নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় সৈয়দ ইসলাম (৫০) নামের এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার (০৫ অক্টোবর) ভোরে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চরবাঙ্গাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ভোরে ফজরের আজান দেওয়ার সময় হঠাৎ আজান বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় মুসল্লিদের সন্দেহ হয়। পরে তারা মসজিদে গিয়ে দেখতে পান মুয়াজ্জিন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার পেটে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, সৈয়দ এলাকায় একজন ভালো, ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং সবার সঙ্গে হাসিমুখে কথা বলেন। মসজিদে আজান দেওয়ার সময় তার ওপর হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র:
১। মসজিদে আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত
– https://tinyurl.com/c8f9zyxy


