
সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ককটেল সদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ। এর আগে ভোর রাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম মন্ডল (৪৫) আশুলিয়ার তালপট্টি এলাকার বাসিন্দা এবং ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার দুই সহযোগী হলে- বগুড়া সদর থানার কাঞ্চনপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে স্বপন ওরফে চাপাতি স্বপন (৪০) এবং নওগাঁ জেলার বাণী নগর থানার কাশিমপুর এলাকার রেজ্জাক সর্দারের ছেলে ফারজুল (৩৮)।
যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬টি রামদা, ৮টি চাপাতি, ১৫টি ছোট চাকু, ২টি দা, ১৯টি কাঠের লাঠি, ১২টি ককটেল সদৃশ বস্তু এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্র ও এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, সাম্প্রতিক সময়গুলোতে জাহাঙ্গীর আলম মন্ডলের বিরুদ্ধে আশুলিয়া এলাকায় চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলা বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ফুটপাতের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের পাশাপাশি ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে একাধিক গ্রুপ পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ তদন্তাধীন রয়েছে।
এলাকাবাসীরা আরও অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের মারধর করা এবং বিভিন্নভাবে হয়রানির শিকার করা হতো।
জাহাঙ্গীর মন্ডল গ্রেপ্তারের পর আশুলিয়া এলাকায় স্থানীয়দের মধ্যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তথ্যসূত্র:
১। যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার
– https://tinyurl.com/4ep2nft9


