
টাঙ্গাইলের ধনবাড়ীতে জবাইকৃত কুকুরের মাথাসহ বিভিন্ন অংশ উদ্ধারের ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ মার্চ) খবর পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান পৌর শহরের কাঁচা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ফজলুল হক ফজু নামে এক গোশত বিক্রেতার পরিত্যক্ত চৌকির নিচ থেকে জবাইকৃত কুকুরের খণ্ডিত মাথাসহ বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এক কিশোরকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে সোমবার (২৯ মার্চ) আসিফ (১৬) নামের ওই কিশোরকে গ্রেপ্তার করে ধনবাড়ী থানা পুলিশ।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানায়, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আসিফকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কুকুর জবাই ও গোশত বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত আসিফ ধনবাড়ী পৌর এলাকার ছত্রপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। তাকে সোমবার টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকেও একই দিনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র:
১। কুকুরের গোশত বিক্রির অভিযোগে কিশোর গ্রেপ্তার
- https://tinyurl.com/3setck9w


