
এবার নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর স্ত্রী ও তার পরিবারের সদস্যরা নেমেছে ঢাকা-১৯ (সাভার- আশুলিয়া) আসনের বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায়।
গত সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অভ্যন্তরে এ দৃশ্য দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, বিএনপি প্রার্থী ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর পক্ষে তার স্ত্রী ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ভোট প্রচারণায় অংশ নেয় ডা. এনামের বড় স্ত্রী রৌশন আরা লাভলী। এ সময় তার ভাই ও এনামের স্টাফদের হাতে প্রতীক ও হ্যান্ডবিল তুলে দিয়ে প্রচারণা চালানো হয়।
এ বিষয়ে রৌশন আরা লাভলীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই ও ডা. এনামের শ্যালক সাইফুল ইসলাম মোবাইল ফোনে যুগান্তরকে জানায়, বিএনপির পক্ষ থেকে এনাম মেডিকেলে প্রচারণার সময় সবাইকে একসঙ্গে থাকতে বলা হয়েছিল। সে কারণেই তারা প্রচারণায় অংশ নিয়েছে।
এ ধরনের নির্বাচনি প্রচারণায় সাভারবাসী হতবাক বলে জানিয়েছে এলাকাবাসী। তাদের মতে, এটি এক ধরনের রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে বিএনপি আওয়ামী লীগের ভোটব্যাংক দখল করার চেষ্টা করছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিল ডা. এনামুর রহমান। জুলাই আন্দোলন ও ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ একাধিক দুর্নীতির মামলা চলমান রয়েছে। সে গত বছর রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে।
তথ্যসূত্র:
১। ধানের শীষের প্রচারে আ. লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী!
– https://tinyurl.com/3zdvr6wr


