
চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ৯ ফেব্রুয়ারি, সোমবার গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে অন্তত ৯ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের পশ্চিমাঞ্চলের আল-নাসর স্ট্রিটে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বর্বর ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আল-নাসর স্ট্রিট ইসরায়েলি সেনা মোতায়েনের আওতাভুক্ত এলাকার বাইরে অবস্থিত।
সূত্রগুলো জানায়, উত্তর গাজার বেইত লাহিয়া শহরের আবু তাম্মাম স্কুলের পাশে ইসরায়েলি গুলিতে ৫৪ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে এক কৃষককে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েলি সেনারা।
এর আগে দক্ষিণ গাজায় আরো চার ফিলিস্তিনি দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন।
২০২৩ সালে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতির মাধ্যমে থেমে গেলেও ওই আগ্রাসনে প্রায় ৭২ হাজার ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হন। গাজার অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে যায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৮১ ফিলিস্তিনি নিহত এবং ১,৫৫৩ জন আহত হয়েছেন।
তথ্যসূত্র:
1.Israeli forces kill 9 Palestinians in Gaza in new ceasefire violation
– https://tinyurl.com/3rdf6j2r


