
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে নিখোঁজ হওয়ার একদিন পর তাবাসসুম (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বারবাজারের একটি বাগান থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। নিহত তাবাসসুম স্থানীয় বারবাজার এলাকার বাসিন্দা। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে সে নিখোঁজ ছিল।
দৈনিক ইত্তেফাক সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে খেলার জন্য বের হয়ে আর ফেরেনি তাবাসসুম। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন। ২৬ ফেব্রুয়ারি সকালে স্থানীয় লোকজন একটি পরিত্যক্ত স্থানে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ জানায়, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছি। শিশুটির হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তথ্যসূত্র:
১। কালীগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
– https://tinyurl.com/57w4ehy6


