
ভারতের পাঞ্জাবে পুলিশ কর্মকর্তা কর্তৃক এক দলিত নারীকে অপমান ও মারধর করার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নারীকে মারধর করে তার বাড়ি থেকে টেনে হিঁচড়ে রাস্তায় বের করে এনেছিল পুলিশ।
ঘটনাটি ২১ মার্চ সকাল ৭ টার দিকে পাঞ্জাবের জালান্ধোরে ভার্গো পুলিশ স্টেশনের আওতাধীন ভার্গো ক্যাম্প এলাকায় ঘটে।
সিসিটিভি ফুটেজে ধারণ হওয়া এই সংক্রান্ত একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সূত্রমতে, পারিবারিক কলহকে কেন্দ্র করে ছেলেকে আটক করতে এসেছিল পুলিশ কর্মীরা, এমন সময় ভুক্তভোগী মা মমতা ভগত তাতে হস্তক্ষেপ করতে চেষ্টা করলে পুলিশ বিধবা এই নারীর চুল ধরে রাস্তায় টেনে নিয়ে যায় এবং তাকে মারধর করে।
এই ঘটনায় পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে সমালোচকগণ। নির্মম ও অসদাচরণের অভিযোগ করেছে ভুক্তভোগী নারী মমতা ভগত।
তার দাবি, সে কেবল নিজের ছেলেদের রক্ষা করার চেষ্টা করেছিল। পারিবারিক কলহ সংক্রান্ত বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছিল বলে সে পুলিশকে জানায়, কিন্তু পুলিশ কোনও কিছুর তোয়াক্কা ছাড়াই বলপ্রয়োগের পদক্ষেপ গ্রহণ করে। সেসময় পুলিশ অফিসার তার ওপর হিংস্র হয়ে ওঠে।
সে জানায়, পুলিশ এএসআই সকল সীমা অতিক্রম করেছে। সেখানে কোনও মহিলা পুলিশ কর্মী উপস্থিত ছিল না। সে উপস্থিত পুরুষ পুলিশ কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ অফিসার তার চুল টেনে ধরে হেনস্থা করেছে।
এই ঘটনাকে ক্ষমতার অপব্যবহার এবং জাত-পাতভিত্তিক অবিচারের উদাহরণ বলে অভিহিত করেছে সমালোচকগণ। তারা নিরপেক্ষ তদন্ত এবং দায়ী পুলিশের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ywepvmyk


