
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বালখ প্রদেশের চিকিৎসা সেবায় যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। বালখ জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গত এক বছরে আবু আলি সিনা বালখি আঞ্চলিক হাসপাতালে ৩৫ হাজারের বেশি ছোট-বড় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
বালখ জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক বছরে এই হাসপাতালে প্রায় ৮৫ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং মোট ৪ লাখ ৩২ হাজারেরও বেশি রোগী এখানে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একই সময়ে স্নায়ু সার্জারি, অস্থি, কান-নাক-গলা, দন্ত, চর্মরোগসহ বিভিন্ন বিভাগে ৩৫ হাজারের বেশি অস্ত্রোপচার পরিচালিত হয়েছে।
চিকিৎসকদের মতে, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং সেবার মান উন্নয়নের ফলে এখন এমন অনেক জটিল অস্ত্রোপচার দেশেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে, যেগুলোর জন্য আগে রোগীদের বিদেশে যেতে হতো। হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে আধুনিক অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব সুবিধা বিদ্যমান রয়েছে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোগী ও তাদের স্বজনরা চিকিৎসা সেবার মানোন্নয়নে সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টদের মতে, রোগীদের বিদেশে যাতায়াতের সীমাবদ্ধতা এবং দেশে চিকিৎসা সেবার উন্নতির ফলে স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি ও সেবার পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তথ্যসূত্র
1. More Than 35,000 Surgeries Performed at Abu Ali Sina Balkhi Hospital
– https://tinyurl.com/mwab8fzz


