
আফগানিস্তানের বালখ প্রদেশে শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য ২ হাজার জেরিব(প্রায় ৯৮৮ একর) জমি বরাদ্দ করেছে ইমারাতে ইসলামিয়া। হাইরাতান মোড় এলাকায় এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ উজবেকিস্তানের পার্লামেন্টের স্পিকার আমানবাই ওরিনবায়েভের সঙ্গে এক বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং যৌথ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে তুলা, কয়লা, তাজা ও শুকনো ফল রপ্তানি, খাদ্য ও নির্মাণশিল্পের উন্নয়ন, পর্যটন খাতের সম্প্রসারণ, মসলা উৎপাদন, খনিজ প্রক্রিয়াজাতকরণ এবং যৌথ বিনিয়োগের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ জানান, হাইরাতান মোড়ে বরাদ্দকৃত জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা হবে। তিনি বলেন, বিশেষ করে উজবেক বিনিয়োগকারীদের জন্য সেখানে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।
অন্যদিকে স্পিকার ওরিনবায়েভ জানান, ইমারাতে ইসলামিয়া ও আফগানিস্তানের বেসরকারি খাতের সঙ্গে পণ্যের বিপণন ও রপ্তানি সহযোগিতার জন্য উজবেকিস্তান রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানে চেম্বার অব কমার্স চালু করবে।
বালখে বিশেষ অর্থনৈতিক জোন স্থাপন আঞ্চলিক বাণিজ্যে আফগানিস্তানের অবস্থানকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি কাঁচামাল ও প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশীয় উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. 2,000 Jeribs of Land Allocated for Balkh Special Economic Zone
– https://tinyurl.com/325848db


