
আফগানিস্তানে মাদক নির্মূলে ইমারাতে ইসলামিয়ার চলমান অভিযানের ধারাবাহিকতায় পাকতিকা প্রদেশে আরও ১২ একর পপি ক্ষেত ধ্বংস করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন। সাম্প্রতিক বছরগুলোতে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পরও অবৈধ চাষ ও মাদক উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে ইমারাতে ইসলামিয়া।
পাকতিকা প্রদেশ পুলিশ কমান্ডের মাদকবিরোধী বিভাগের কর্মকর্তারা জানান, প্রাদেশিক রাজধানী শারান শহরের দ্বিতীয় নিরাপত্তা অঞ্চলে পরিচালিত অভিযানে প্রায় ১২ একর জমিতে চাষ করা পপি গাছ ধ্বংস করা হয়। অভিযানের সময় পপি চাষের সঙ্গে জড়িত থাকার অপরাধে ৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ কমান্ড আরও জানিয়েছে, মাদক উৎপাদন ও চোরাচালান রোধে পাকতিকা প্রদেশের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগেও প্রদেশটির বিভিন্ন অঞ্চলে পপি খেত উচ্ছেদ এবং মাদকবিরোধী একাধিক অভিযান পরিচালনা করেছে ইমারাতে ইসলামিয়ার মাদকবিরোধী বিভাগ।
উল্লেখ্য, ২০২২ সালে আমীরুল মু’মিনীন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ পপি চাষ নিষিদ্ধ করার নির্দেশ জারির পর ইমারাতে ইসলামিয়া দেশজুড়ে ব্যাপক মাদকবিরোধী অভিযান শুরু করে। এর ফলে অল্প সময়ের মধ্যেই আফগানিস্তানে পপি চাষের পরিমাণ নাটকীয়ভাবে হ্রাস পায়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদনেও দেশটিতে পপি উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে মাদক উৎপাদন কেন্দ্র ধ্বংস, বিপুল পরিমাণ মাদক জব্দ এবং চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের মাধ্যমে মাদক দমনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে ইমারাতে ইসলামিয়া।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং অবৈধ মাদক উৎপাদন সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তথ্যসূত্র
1. Security Forces Destroy 12 Acres of Poppy Fields in Paktika
– https://tinyurl.com/546wc4us


