একমিনিটের ব্যবধানে ৭.৫ এবং ৭.২ মাত্রার জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী সহ উত্তরাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত

0
0

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী সহ উত্তরাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজধানী কারাকাস-সহ দেশের বিস্তীর্ণ এলাকায় বহু বহুতল ভবন ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর, সড়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। আতঙ্কে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন।

রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫। এই ভূমিকম্প দুটিকে দেশটির গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে জানানো হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার তৎপরতা শুরু হয়েছে, পাশাপাশি জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এছাড়া রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধস, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং ব্যাপক প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় ২৪ জুন, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। আল জাজিরা জানায়, এতে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে ইয়ারাকুই প্রদেশের রাজধানী সান ফেলিপের কাছে। এরপর মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ইউমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে আরও শক্তিশালী কম্পন অনুভূত হয়। সংস্থাটি জানিয়েছে, ‘ব্যাপক প্রাণহানি ও বিস্তৃত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই দুর্যোগের প্রভাব বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে।’

আনাদোলু নিউজ এজেন্সির পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলের কাছে একের পর এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে পুরো অঞ্চলে সুনামি সতর্কতা ও সতর্কবার্তা জারি করা হয়েছে।

এই মূল ভূমিকম্পটি ভেনেজুয়েলার ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে বড় ভূমিকম্প এবং গত ১২৫ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে উল্লেখ করেছে ইউএসজিএস। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। উপকূলীয় শহর মোরনের পশ্চিমে ছিল এর কেন্দ্রস্থল। শক্তিশালী কম্পনে রাজধানী কারাকাসও ব্যাপকভাবে কেঁপে ওঠে এবং বিপুল সংখ্যক ভবন ধসে পড়ে।

ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধস এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি স্কুল, মেট্রো ও রেলসেবা স্থগিত করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনীকে নামানো হয়েছে।


তথ্যসূত্র
1. Venezuela rocked by 7.5, 7.2 earthquakes: What happened and what we know
– https://tinyurl.com/3na8vend

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৩.৫ বিলিয়ন আফগানি ব্যয়ে ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়ার ক্রয় কমিশন