
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক বিভাজনের মাঝখান থেকে সোনালু, জারুল, বকুল, পলাশসহ বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গাছ কাটার ঘটনায় সড়ক ও জনপদ বিভাগের কার্য সহকারী মোবারক হোসেন অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। স্থানীয়দের দাবি, মহাসড়কের পাশের বিলবোর্ড দৃশ্যমান করতে এসব গাছ কাটা হয়েছে।
দৈনিক আমার দেশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাতের মধ্যেই চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন শামুকসার মহাসড়কের বিভাজন থেকে এই গাছগুলো কাটা হয়েছে ।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মরুস খানার সড়ক চার লেনে উন্নীত করার সময় এক লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে বিপরীত লেনের গাড়ির সঙ্গে দুর্ঘটনা না ঘটে এবং মহাসড়কের সৌন্দর্য্য বর্ধনের জন্য সড়ক ও জনপথ বিভাগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজনের মাঝে বিভিন্ন রকমের ফুল ও ফলের গাছ রোপণ করে।
গাছগুলো হলো হৈমন্ডি, কুর্তি, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, কবরী, কেসিয়া ও জারুল।
কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের কার্য সহকারী মোবারক হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো গত ২২ জুন সকালে মাঝখানের বিভাজনের মধ্যে থাকা বিভিন্ন গাছ অক্ষত অবস্থায় দেখেছিলাম।
পরে আমাদের অফিসের উপসহকারী প্রকৌশলী পলাশ চাকমা আমাকে ফোন করে জানায়, চৌদ্দগ্রাম থানাধীন উজিরপুর ইউনিয়নের শামুকসার মেসার্স শাহ নেওয়াজ ব্রিকফিল্ডের পূর্ব পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানের বিভাজনের মধ্য থেকে কে বা কারা গাছগুলো কেটে নিয়ে গেছে।’
তথ্যসূত্র:
১। বিলবোর্ড দৃশ্যমান করতে মহাসড়কের কাজ কর্তন, থানায় মামলা
– https://tinyurl.com/yc82afy4


