
আফগানিস্তানের দেশীয় শিল্প, কৃষিপণ্য ও বিনিয়োগের প্রসার ঘটানোর লক্ষ্যে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গজনি প্রদেশে দ্বিতীয় ‘সুলতান মাহমুদ গজনভী জাতীয় প্রদর্শনী’ উদ্বোধন করা হয়েছে। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রদেশের শিল্প ও কৃষিপণ্য স্থান পেয়েছে।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রদর্শনীতে গজনি, কাবুল, কান্দাহার, হেরাতসহ আশপাশের বিভিন্ন প্রদেশের মোট ৬০টি স্টলে দেশীয় শিল্প ও কৃষিপণ্য প্রদর্শন করা হচ্ছে। গজনির উপ-গভর্নর সরদার মোহাম্মদ মাদানি হাফিযাহুল্লাহ বলেন, এ ধরনের প্রদর্শনী দেশীয় উৎপাদক ও সাধারণ জনগণ উভয়ের জন্যই উপকারী। এর মাধ্যমে আফগানিস্তানে উৎপাদিত পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পরিচিতি লাভ করবে।
প্রদর্শনীর আয়োজক আহমদ মুজতবা আহাদি জানান, বুধবার (৮ জুলাই) শুরু হওয়া এই আয়োজনে গজনি, কাবুল, হেরাত, নানগারহারসহ বিভিন্ন প্রদেশের শিল্প উদ্যোক্তারা অংশ নিয়েছেন এবং ৬০টি স্টলে নানা ধরনের শিল্পপণ্য প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থ ও প্রশাসন বিষয়ক উপমন্ত্রী শাহাবুদ্দিন সাকিব হাফিযাহুল্লাহ বলেন, ইমারাতে ইসলামিয়া দেশের শিল্প ও বাণিজ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তিনি জানান, শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে সারা দেশে কারখানা নির্মাণের জন্য এক লাখ ষাট হাজার জেরিব (প্রায় ৭৯,০৪০ একর) জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের বাণিজ্যের পরিমাণ দুই বিলিয়নে পৌঁছেছে, যা শিল্প ও বাণিজ্য খাতে সরকারের বিশেষ মনোযোগের ফল।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমানে আফগানিস্তান ২৩০ ধরনের শিল্পপণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশীয় উৎপাদন আরও জোরদার করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র
1. Three-Day “Sultan Mahmood Ghaznavi” National Exhibition Opens in Ghazni
– https://tinyurl.com/pzuucxx9


