
গাজায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। একাধিক বিমান ও ড্রোন হামলায় অন্তত ৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বর্বর ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ৯ জুলাই, বৃহস্পতিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন শহীদ ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজার অন্যান্য এলাকায় বর্বর ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন আরো চারজন। এর মধ্যে গাজা সিটির একটি জনাকীর্ণ এলাকায় গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অন্তত একজন শহীদ হন।
ঘটনাস্থল থেকে আল জাজিরার সংবাদদাতা জানান, আক্রান্ত রাস্তাটি গাজা সিটির অন্যতম ব্যস্ত এলাকা। সেখানে প্রচুর দোকানপাট ও সুপারমার্কেট রয়েছে। এলাকাটিতে বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনিও আশ্রয় নিয়েছেন।
২০২৫ সালের ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। সেই চুক্তি সচল থাকার পরও এই হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। আল জাজিরার সংবাদদাতা জানান, যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন থেকেই সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী তা লঙ্ঘন করে আসছে। এ পর্যন্ত তারা ৩ হাজারেরও বেশি বার এই চুক্তি লঙ্ঘন করেছে।
তথ্যসূত্র
1. Israeli attacks on Gaza kill six people despite ‘ceasefire’
– https://tinyurl.com/4nyfb7kj


