
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৭ হাজার একর এলাকা পুড়ে গেছে। আগুনে ৭০০টিরও বেশি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি খারাপ হওয়ায় স্পোকেন অঞ্চল থেকে প্রায় ৬৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ও অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন।
শুষ্ক আবহাওয়া ও প্রবল দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। স্পোকেন ও আশপাশের এলাকায় প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) এলাকা আগুনে পুড়ে গেছে। বর্তমানে ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার ও মেডোভিউ ফায়ার- এই তিনটি বড় দাবানল এখনো সক্রিয় রয়েছে।
দাবানলের কারণে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় ভিডিওতে দেখা গেছে, একাধিক ভবন আগুনে জ্বলছে, আবাসিক এলাকাজুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং অনেক বাড়ি সম্পূর্ণ পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
একই সময়ে পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও টানা দশম দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে বুলডোজার ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। সেখানে প্রায় ৫২৫ বর্গমাইল (প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার) তৃণভূমি পুড়ে গেছে। ৭০০টির বেশি বাড়ি এবং আরও প্রায় ৮০০টি স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে।
মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করে বলেছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং আগামী কয়েক দিন আরও কঠিন হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। পাশাপাশি একাধিক অঙ্গরাজ্যে দাবানলের উচ্চ ঝুঁকি ও তীব্র তাপপ্রবাহের সতর্কতাও বহাল রয়েছে।
তথ্যসূত্র
1. Aerial images in Spokane show hundreds of burned homes with nearly 65,000 people evacuated
– https://edition.cnn.com/2026/08/03/us/live-news/spokane-washington-wildfires


