
মাদারীপুরের শিবচরে এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এবং সেসময় তার এক বছর বয়সী শিশুসন্তানকেও আড়িয়াল খাঁ নদে ফেলে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকালে শিবচর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক শাম্পা খাতুন (২৮) নামে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝোপের পাশে ফেলে রাখা এবং তার এক বছর বয়সী ছেলে আবিরকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে। তবে শিশুটির লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, গত ১৯ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় একটি ঝোপের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকার খানবাড়ির একটি জমির ঐ ঝোপের পাশে পাওয়া লাশটির পরিচয় পরে শনাক্ত করা হয়।
নিহত শাম্পা নাটোরের লালপুর উপজেলার আট্রিকা গ্রামের ছামরুল ইসলামের মেয়ে। প্রায় তিন বছর আগে মাদারীপুরের বড় মেহের এলাকার শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে তার বিয়ে হয়।
জানা যায়, একটি মামলায় শাম্পার স্বামী কারাগারে থাকাকালে মাদারীপুর আদালত প্রাঙ্গণে ফারুকের সাথে তার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ফারুক কৌশলে শাম্পাকে ডেকে নিয়ে যায় বলে তদন্তে উঠে এসেছে।
লাশ উদ্ধারের পর শাম্পার বাবা ছামরুল ইসলাম শিবচরে এসে মেয়ের পরিচয় শনাক্ত করেন। এ সময় তিনি জানতে পারেন, তার এক বছর বয়সী নাতি আবিরও নিখোঁজ। পরে তিনি বাদী হয়ে শিবচর থানায় হত্যা মামলা করেন। ছামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়ে ও নাতিকে যে হত্যা করেছে, সেই ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শিবচর ও রাজৈর এলাকায় অভিযান চালিয়ে ফারুককে শনাক্ত করে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ফারুকের বাসা থেকে নিহত শাম্পার স্বর্ণের নাকফুল, রুপার গলার চেইন, একজোড়া জুতা এবং পোড়ানো অবস্থায় একটি ওড়না উদ্ধার করা হয়েছে। তার স্থায়ী বাড়ি খুলনার তেরখাদা উপজেলার জয়সোমা এলাকায়। কয়েক মাস আগেও গাড়ি চুরির অভিযোগে শিবচর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। একই সঙ্গে শিশুটিকে আড়িয়াল খাঁ সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার কথাও জানিয়েছে ঘাতক ফারুক।
তথ্যসূত্র:
১। শিবচরে নারীকে হত্যার পর শিশুসন্তানকে নদীতে নিক্ষেপ, গ্রেফতার ১
– https://tinyurl.com/yj45h4xd


