
জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই বাসার অন্য একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে তার দুই শিশুসন্তানকে। রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ৬ তলা ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম ইসরাত জাহান (৩২)। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার সরকারদী গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে। তর স্বামী শেরপুরের ঘটিয়াডাংগা গ্রামের মো. শাওন এক বছর আগে মারা যান। তাদের এক মেয়ে (৭) ও এক ছেলে (৫) রয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইসরাত জাহান সন্তানদের নিয়ে এক মাস ধরে ওই বাসায় থাকছিলেন। তার সঙ্গে মো. কাউসার আহাম্মদ নামের এক যুবকও থাকত। বাড়ির মালিকের কাছে কাউসার নিজেকে ইসরাতের স্বামী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিল। সে ব্যবসা করেন বলে বাড়ির মালিককে জানিয়েছিল। তবে কাউসারের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার পর থেকে সে পলাতক।
স্থানীয় কয়েকজন বাসিন্দা গণমাধ্যমকে বলেন, সকালে ফ্ল্যাটটির একটি কক্ষের জানালা দিয়ে দুই শিশু পথচারীদের কাছে পানি চাইছিল। বিষয়টি দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা ফ্ল্যাটের সামনে গিয়ে বাইরে থেকে দরজায় তালা ঝুলতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা দরজার তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন। এ সময় একটি কক্ষের বিছানার ওপর ইসরাত জাহানের লাশ পড়ে থাকতে দেখা যায়। পাশের একটি কক্ষে আটকে থাকা দুই শিশুকেও উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সাংবাদিকদের জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।
তথ্যসূত্র:
১। জামালপুরে এক কক্ষের বিছানায় মায়ের মরদেহ, অন্য কক্ষে আটকা দুই শিশু
– https://tinyurl.com/32p3ucc5


