
গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই দখলদার ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় এক শিশুসহ দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও ১৪ জন আহত হয়েছেন। মধ্য ও দক্ষিণ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে এসব হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।
গাজার আল-আকসা শহীদ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ২৩ আগস্ট, রবিবার মধ্য গাজার আজ-জাওয়াইদা শহরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দুই ফিলিস্তিনি শহীদ এবং আরও সাতজন আহত হন। ইসরায়েলি বাহিনী ওই এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারির কিছুক্ষণ পরই যুদ্ধবিমান দিয়ে হামলা চালায়। হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে বেসামরিক প্রতিরক্ষা দল ঘটনাস্থলে ছুটে যায়।
দক্ষিণ গাজায় খান ইউনিসের পশ্চিমে আল-আলবানি মসজিদের কাছে জড়ো হওয়া বেসামরিকদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় আরও সাত ফিলিস্তিনি আহত হয়েছেন। নাসের চিকিৎসা কমপ্লেক্সের একটি চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে ইসরায়েলি ট্যাংকগুলো রাফাহ উপকূলের দিকে গোলাবর্ষণ করেছে। একই সময়ে খান ইউনিসের উত্তর-পশ্চিমে হামাদ শহরে ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে ইসরায়েলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়। তবে এসব ঘটনায় নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজা শহরেও ইসরায়েলি যুদ্ধজাহাজ থেকে মাছ ধরার নৌকা ও উপকূলীয় এলাকা লক্ষ্য করে গুলি ও গোলাবর্ষণ করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসব হামলায়ও কোনো আহতের খবর পাওয়া যায়নি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সন্ত্রাসী সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও অব্যাহত হামলা গাজায় বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তার জন্য গুরুতর সংকট তৈরি করেছে।
তথ্যসূত্র
1. 2 Palestinians including child killed in Israeli attacks on Gaza despite ceasefire
– https://tinyurl.com/ydd636nt


