
গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের চারজন শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে এক ফিলিস্তিনি ব্যক্তি, তার স্ত্রী এবং তাদের ১২ ও ৮ বছর বয়সী দুই মেয়ে রয়েছেন। ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর কথিত যুদ্ধবিরতি অব্যাহত থাকা সত্ত্বেও গাজাতে অব্যাহত রয়েছে বর্বর ইসরায়েলি হামলা।
আল জাজিরার জানিয়েছে, ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের আশপাশে বিমান হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল। এতে আহমাদ পরিবারের চার সদস্য শহীদ হন। আল-শিফা হাসপাতালের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, পরিবারের চার সদস্যের মরদেহ খণ্ড-বিখণ্ড অবস্থায় উদ্ধার করা হয়েছে। শহীদ দুই শিশুর বয়স ১২ ও ৮ বছর।
গাজা সিটি থেকে আল জাজিরার সংবাদদাতা শাদি শালহুব জানান, বৃহস্পতিবার গাজাজুড়ে একাধিক হামলা চালানো হয়েছে। গাজা সিটির পূর্বাঞ্চলীয় আল-দারাজ এলাকায় ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে চালানো সন্ত্রাসী ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন আহত হন। আহতদের আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এদিকে, গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালের প্রধান বিদ্যুৎ জেনারেটর বৃহস্পতিবার জ্বালানি তেল ও যন্ত্রাংশের সংকটে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এর ফলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম আরও সংকুচিত হয়ে পড়েছে।
জেনারেটর বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালের রোগ নির্ণয় বিভাগ, এমনকি উত্তর গাজার একমাত্র সিটি স্ক্যান যন্ত্রের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। পাশাপাশি চিকিৎসাসেবা কমিয়ে দিতে হয়েছে এবং কয়েকটি অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে। হাসপাতালটি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে এবং জরুরি চিকিৎসাসেবা চালু রাখতে দ্রুত সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে সংশ্লিষ্ট চিকিৎসা সূত্র।
আল জাজিরার সংবাদদাতা শাদি শালহুব বলেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালগুলো ছোট জেনারেটরের মাধ্যমে ন্যূনতম পর্যায়ে কার্যক্রম চালাচ্ছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে জ্বালানি তেল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
তথ্যসূত্র
1. Family of four killed in Israeli strike on northern Gaza
– https://tinyurl.com/2wuutwc5


