
আফগানিস্তানের লোগার প্রদেশে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া। ১৩ হাজার জেরিব (প্রায় ৬ হাজার ৪২৫ একর) জমির ওপর নির্মাণ হতে যাওয়া এই বিমানবন্দরটি লোগারসহ পার্শ্ববর্তী প্রদেশ ও বিশেষ করে রাজধানী কাবুলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মোহাম্মদ আগা জেলার সুরখাব এলাকায় প্রকল্পটির প্রাথমিক কাজ শিগগিরই শুরু করা হবে। পরিবহণ ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৩০ কোটি আফগানি ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণ ও পানি নিষ্কাশন ব্যবস্থাসহ প্রাথমিক কাজ শুরু করা হবে।
পরিবহণ ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের নিরাপত্তা, নীতি ও নিরীক্ষাবিষয়ক উপমন্ত্রী আলহাজ মৌলভী ফয়জুল্লাহ জামাল হাক্কানি হাফিযাহুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১৩ সেপ্টেম্বর, রবিবার লোগারে গিয়ে বিমানবন্দর নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছে। মোহাম্মদ আগা জেলার সুরখাব এলাকায় লোগারের উপপ্রধান আলহাজ শাইখ এনামুল্লাহ সালাহউদ্দিনের সঙ্গে প্রতিনিধিদলটি নির্ধারিত স্থানটি পরিদর্শন করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের জন্য প্রায় ১৩ হাজার জেরিব জমি নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ ও পানি নিষ্কাশনের নালা তৈরির কাজ করা হবে।
লোগার সফরকালে প্রতিনিধি দলটি পরিবহণ ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প ও স্থাপনাও পরিদর্শন করে। এসব প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নের বর্তমান অবস্থা সম্পর্কে তারা খোঁজ নেন।
পরে প্রতিনিধি দলটি লোগারের গভর্নর আলহাজ কারি সালাহউদ্দিন আইয়ুবির সঙ্গে সাক্ষাৎ করে। তিনি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের গুরুত্ব তুলে ধরে প্রকল্পের প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে প্রাদেশিক প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন।
গভর্নর প্রাথমিক নির্মাণ কাজ দ্রুত শুরু করার পাশাপাশি বিমানবন্দর-সংশ্লিষ্ট অবকাঠামোগত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তার মতে, বিমানবন্দরটি লোগারের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি মানুষের যাতায়াত সহজ করার পাশাপাশি লোগার, পার্শ্ববর্তী প্রদেশগুলো এবং বিশেষ করে কাবুলের যোগাযোগ ও পরিবহণ অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে।
তথ্যসূত্র
1. ogar International Airport Preliminary Construction Work to Begin With AFN 300 Million Budget
– https://tinyurl.com/3kdpkkr6


