গাইবান্ধায় নিজের ১১ মাসের সন্তান নিয়ে উধাও বাবা, নেশার জন্য টাকা না দিলে বিক্রির হুমকি

0
2

গাইবান্ধা পৌর শহরে ১১ মাস বয়সী এক কন্যাসন্তানকে নিয়ে উধাও হয়ে ১০ হাজার টাকা দাবি এবং টাকা না দিলে তাকে বিক্রি করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। নিখোঁজ শিশুটির নাম ফাতেমা আক্তার জান্নাত। সন্তানকে উদ্ধারে ভুক্তভোগী মা থানা ও আদালতে অভিযোগ দিয়েও দীর্ঘ প্রায় দুই মাস কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী মা রুমানা আক্তারের ভাষ্য অনুযায়ী, গত ১৭ জুলাই বিকেলে তার স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে আসে। পরে শিশু ফাতেমাকে জুস কিনে দেওয়ার কথা বলে কোলে নিয়ে বাইরে যায় এবং এরপর আর ফিরে আসেনি। ঘটনার দুই দিন পর হামিদুল ফোন করে মেয়েকে ফেরত দেওয়ার শর্ত হিসেবে ১০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত অর্থ না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকিও দেয় সে।

আশঙ্কাজনক পরিস্থিতিতে সন্তানের নিরাপত্তা নিয়ে আকুতি জানিয়ে মা রুমানা আক্তার বলেন, ‘আমি কোনো কিছু চাই না, শুধু আমার সন্তানকে ফিরে চাই। আমার স্বামী আমাকে সন্তান বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছে। আমার সন্তান কোথায় আছে, কী অবস্থায় আছে—কিছুই জানি না। এ নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি।’

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে হামিদুল মিয়ার সঙ্গে রুমানা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই হামিদুল মাদকের টাকার জন্য রুমানার ওপর শারীরিক নির্যাতন চালাতে শুরু করে। সন্তানের জন্মের পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেলে বাধ্য হয়ে রুমানা শিশুটিকে নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধানঘড়া এলাকায় বাবার বাড়িতে আশ্রয় নেন। স্বজনদের অভিযোগ, মাদকের অর্থ জোগাড় করতেই নিজের কোলের সন্তানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে হামিদুল।

শিশুটির নানি রোশনা বেগম ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানান, দিনমজুর ও দরিদ্র পরিবার হওয়ায় তাদের পক্ষে দাবি করা টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই তিনি দ্রুত নাতনিকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় বাসিন্দারাও হামিদুলের মাদকাসক্তির বিষয়টি নিশ্চিত করে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা সাংবাদিকদের জানায়, এ সংক্রান্ত লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং নিখোঁজ শিশুটিকে দ্রুত উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।


তথ্যসূত্র:
১। মাত্র ১০ হাজার টাকার জন্য নিজের ১১ মাসের সন্তান নিয়ে উধাও বাবা, বিক্রির হুমকি
– https://tinyurl.com/4eaxs6ed

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার হাসপাতালে ডিজেল সরবরাহ বন্ধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তী নিবন্ধবিদেশি নির্ভরতা ছাড়াই নিজস্ব বাজেটে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ইমারাতে ইসলামিয়া