
ভারতে মধ্যপ্রদেশের বিজেপির হিন্দুত্ববাদী বিধায়ক রমেশ্বর শর্মার একটি মুসলিমবিদ্বেষি মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ৬ সেপ্টেম্বর ভোপালে ‘মটকি ফোড়’ অনুষ্ঠানে বক্তব্যকালে শর্মা বলেছে, “করোন্দ চৌরাস্তা থেকে মিসাইল ছোড়া হলে সেটি কাজি ক্যাম্পে গিয়ে পড়া উচিত।”
উল্লেখ্য, ভোপালের কাজি ক্যাম্প একটি মুসলিম অধ্যুষিত এলাকা। দীর্ঘবছর যাবত কাজি ক্যাম্প নির্বাচনী এলাকাটিতে বিরোধী দল কংগ্রেস তাদের অবস্থান ধরে রেখেছে।
হিন্দুত্ববাদী বিধায়ক শর্মার মন্তব্যকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মুসলিম ও বিরোধী রাজনৈতিক নেতারা।
রমেশ্বর শর্মার মন্তব্যের সমালোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেসের মিডিয়া কো-অর্ডিনেটর আব্বাস।
কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ মন্তব্যটির নিন্দা করে বলেছে, এ ধরনের মন্তব্য ভোপালের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের ছত্তিশগড়ের দায়িত্বপ্রাপ্ত ড. আমিনুল খান সুরি বলেন, “করোন্দ চত্বর থেকে ‘মিসাইল’ ছুড়ে কাজি ক্যাম্পে ফেলার কথা বলা কোনও ভাষাতেই বীরত্ব নয়; এটি একজন জনপ্রতিনিধির চরম দায়িত্বহীন ও উস্কানিমূলক মানসিকতার বহিঃপ্রকাশ।”
সমালোচনার মুখে পড়ে শর্মা দাবি করেছে, ভোপালের কাজি ক্যাম্প নয়, পাকিস্তানের ইসলামাবাদের একটি ‘কাজি ক্যাম্পকে’ উদ্দেশ্য করে সে ওই মন্তব্য করেছে। তবে ইসলামাবাদে এ নামে কোনও জায়গা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে সমালোচকরা।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4j24zvy9


