
মদ্যপানের অর্থ দাবি করে ভারতে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় এক মুসলিম মহিষ ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করেছে স্থানীয় কয়েকজন ব্যক্তি। বুধবার (১৬ সেপ্টেম্বর) নিপীড়নের ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের জন্ম হয়।
ভিডিওতে দেখা যায়, মুসলিম ব্যবসায়ী আফশার আলীকে মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এক উগ্র ব্যক্তি। উগ্রপন্থী লোকটি বারবার তাকে থাপ্পড় ও মারধর করছিল। সে ভুক্তভোগী আলীকে ‘তওবা’ করতে নির্দেশ দিচ্ছিল। আলী ক্ষমা চাইলেও উগ্র লোকটি অব্যাহতভাবে তাকে মারধর করে যাচ্ছিল। এ সময় কয়েকজন প্রত্যক্ষদর্শী নির্যাতন থামানোর চেষ্টা করেছিল।
আফশার আলীর অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। তার অভিযোগ, মূল হামলাকারী প্রথমে মদ খাওয়ার জন্য তার কাছ থেকে অর্থ দাবি করে। সে কঠোর ভাষায় বলছিল, “এত টাকা উপার্জন করিস, আমাদের একটু মদও খাওয়াতে পারিস না?”
পরে আরও কয়েকজন উগ্রবাদী ওই হামলায় যোগ দেয়। মারধরের পাশাপাশি তারা আলীর কাছে থাকা ৪,৫০০ রুপি আত্মসাৎ করে পালিয়ে যায়।
করারি থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন আলী। পরে তিনি কৌশাম্বির পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এই ঘটনায় উত্তর প্রদেশে ক্রমবর্ধমান মুসলিম নিপীড়নের আরও একটি দৃষ্টান্ত সামনে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকগণ।
ভিডিও লিংক: https://x.com/TheSiasatDaily/status/2100468308508393615/video/1
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3j7pfbcb


