
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গাঁজাসহ তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক তিনজনই গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী। পরে তাদের সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিনের জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হল-গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের কাজী রিয়াজুস ছলেহীন, তৌফিক আলম ও মুশফিক উল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের বরাতে গণমাধ্যম সূত্রে জানায়, বুধবার সন্ধ্যায় ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহলের সময় ৪ নম্বর একাডেমিক ভবনে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে গাঁজা পাওয়া যায় বলে ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা জানান।
ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, নিয়মিত টহলের সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি নিয়ম মাফিক পরবর্তী সিদ্ধান্ত নেবে।
তথ্যসূত্র:
১। গাঁজাসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
– https://tinyurl.com/39xkbyhz


