অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, মাদক ও যৌন সামগ্রীসহ ৮৪ নারী-পুরুষ আটক

0
1

রাজধানীর ভাটারা থানার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাড়িতে দীর্ঘদিন ধরে রাতভর ডিজে পার্টি, মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬ নারী ও ৫৮ পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিক এবং এক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও রয়েছে।

গত সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। ডিবি জানায়, সেখানে ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অন্যান্য নিষিদ্ধ কর্মকাণ্ড চলত। অভিযানে দেশি-বিদেশি মদ, ইয়াবা, গাঁজা, সিনথেটিক মাদক, সিসা, কনডম এবং ইয়াবা সেবনের সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাড়িটি অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে স্বল্প সময়ের জন্য ভাড়া দেওয়া হতো। দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি অনলাইনে বুকিং করে সেখানে অবস্থান করত। কেউ রাতযাপনের জন্য, আবার কেউ জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানের নামে ডিজে পার্টি আয়োজনের জন্য বাড়িটি ভাড়া নিত। এসব অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর পাশাপাশি মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ড চলত।

বাড়িটিতে পাঁচটি কক্ষ রয়েছে। প্রতি ১০ জনের জন্য একটি কক্ষ ভাড়া নেওয়ার ব্যবস্থা ছিল। নির্ধারিত সংখ্যার বাইরে অতিরিক্ত কাউকে আনতে হলে জনপ্রতি ৬০০ টাকা করে নিবন্ধন ফি নেওয়া হতো। মাসে ১৮ থেকে ২০টি অনুষ্ঠানের আয়োজন হতো। প্রতিটি অনুষ্ঠানের জন্য প্রায় এক লাখ টাকা ভাড়া নেওয়া হতো বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাড়িটি দেখভালের জন্য মাহবুব আলম নামের একজনকে কো-হোস্ট হিসেবে নিয়োগ দিয়েছিল আব্দুল্লাহ আল জহির। বাড়ির মালিক একজন উধ্বর্তন পুলিশ কর্মকর্তা হওয়ায় সেখানে কোনো অভিযানের ভয় নেই—এমন আশ্বাস দিয়ে আমন্ত্রিতদের জড়ো করা হতো। বুকিং ও অনুষ্ঠান থেকে পাওয়া আয়ের ৭০ শতাংশ সরাসরি অতিরিক্ত ডিআইজি জহিরের অ্যাকাউন্টে যেত।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির গণমাধ্যমকে জানায়, পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এর ওই বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড চলার তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। বাড়িটিতে উঠতি বয়সী ছেলে-মেয়েরা ডিজে পার্টির নামে অসামাজিক ও নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়াত থাকার তথ্য পাওয়া গেছে। অভিযান চালিয়ে মদ, গাঁজা, কনডম ও বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।

এদিকে প্রশ্ন উঠেছে ভাটারা থানা এলাকায় তার সাড়ে ৬ কাঠা জমি কেনার টাকার উৎস নিয়েও। পুলিশ কর্মকর্তার বাড়িতে অবাধে অপকর্ম চললেও এতদিন প্রশাসন ছিল নিশ্চুপ-এমন দাবি খোদ পুলিশেরই।

এ ঘটনার পর মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশের আইজি মো. আলী হোসেন ফকিরের সই করা এক অফিস আদেশে আব্দুল্লাহ আল জহিরকে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখা থেকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।


তথ্যসূত্র:
১। অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
– https://tinyurl.com/59abzz3z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমোগাদিশুতে শাবাব প্রতিরোধ যোদ্ধাদের শক্তিশালী অভিযানে কারাবাহিনীর শীর্ষ কর্মকর্তা নিহত
পরবর্তী নিবন্ধগাজায় আবারও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় চারজন শহীদ