অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চলতি বছরে ৬০০ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়া

0
3

আফগানিস্তানের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চলতি বছরে প্রায় ৬০০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়া। একই সঙ্গে মহাসড়ক নির্মাণ, রেলপথ সম্প্রসারণ এবং চীনের সীমান্ত পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে বিপুল কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে।

১৭ নভেম্বর কাবুলে ‘আমিরুল মুমিনিনের নির্দেশনাসমূহের প্রভাব’ শীর্ষক এক বৈজ্ঞানিক গবেষণা সম্মেলনে বক্তব্য প্রদানকালে ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক বিষয়ক দপ্তরের প্রধান শেখ নুরুল হক আনওয়ার হাফিযাহুল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়ার শাসনামলেই প্রথমবারের মতো ওয়াখান করিডরের মাধ্যমে আফগানিস্তানের সড়ক চীনের সীমান্ত পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।

বাদাখশান প্রদেশের ওয়াখান করিডরে ১২১ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি গত ৪ অক্টোবর উদ্বোধন করা হয়। প্রায় ৩৬৫ মিলিয়ন আফগানি ব্যয়ে নির্মিত সড়কটি ভবিষ্যতে আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহনের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

এদিকে গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রদেশে বর্তমানে ৭৪টি মহাসড়ক ও সড়ক নির্মাণ এবং পুনর্নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে প্রায় ২০ হাজার ৫৯৬ জনের সরাসরি এবং এক লাখ ১২ হাজারের বেশি মানুষের পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। নির্মাণকাজে ৯ হাজার ৪৯৩টি যানবাহন ও ভারী যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে। উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কাবুল-গজনি মহাসড়কের দ্বিতীয় লেন, সালাং মহাসড়ক, কান্দাহার-স্পিন বলদাক সড়ক, কুনার-নুরিস্তান সড়ক এবং কুশ তেপা-দারজাব সড়ক।

রেল যোগাযোগ সম্প্রসারণেও অগ্রগতি হয়েছে। দেশটির পাঁচটি গুরুত্বপূর্ণ রেলপথে মোট ১ হাজার ৫৩৭ কিলোমিটার এলাকায় জরিপ ও নকশা তৈরির কার্যক্রম চলছে। এর মধ্যে রয়েছে তোরগুন্ডি-হেরাত, হেরাত-কান্দাহার, কান্দাহার-স্পিন বলদাক, কাবুল-কান্দাহার এবং আন্দখয়-শেবেরঘান রেলপথ। এসব রেলপথ বাস্তবায়িত হলে আঞ্চলিক যোগাযোগ, পণ্য পরিবহন ও ট্রানজিট বাণিজ্য আরও সহজ হবে।

সড়ক ও রেল যোগাযোগের পাশাপাশি বিভিন্ন খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আফগানিস্তানের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রয়েছে। এসব অবকাঠামো প্রকল্প পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হলে কর্মসংস্থান সৃষ্টি, অভ্যন্তরীণ যোগাযোগের উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. شيخ نورالحق انور: د ا.ا د واکمنۍ پر مهال د لومړي ځل لپاره له چین سره ونښلول شو
– https://tinyurl.com/bp7kpbc7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার ধ্বংসস্তূপ থেকে ৭০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, জানাজা ও দাফন সম্পন্ন
পরবর্তী নিবন্ধউত্তরপ্রদেশে হিন্দুদের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় উচ্চ শব্দে ডিজে গানের প্রভাবে ২০ দিনের নবজাতকের মৃত্যু