
রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনায় নাসিমা বেগম (৪০) নামের এক নারীসহ চারজন আহত হয়েছেন। এদিকে শ্যামপুরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ গণমাধ্যমকে জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেট কাঁচাবাজারসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে আওয়ামী দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করে। এতে পাশের চা দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, শ্যামপুর থানার ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একজনকে হাতেনাতে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে তার পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
এ ছাড়া রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে আরও তিনজন আহত হন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র:
১। রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আহত ৪
– https://tinyurl.com/42arj88f


