কাবুলে চালু হলো আফগানিস্তানের প্রথম সরকারি হৃদরোগ হাসপাতাল

0
10

আফগানিস্তানের স্বাস্থ্য খাতে নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। রাজধানী কাবুলে জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বিশেষায়িত সরকারি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। হাসপাতালটিতে বছরে দুই হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশাসনিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মৌলভী আবদুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ বলেন, কয়েক দশকের যুদ্ধের কারণে দেশের বিভিন্ন খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং বহু মানুষ এখনো নানা ধরনের সমস্যার সম্মুখীন। তিনি জানান, এ পর্যন্ত জন্মগত হৃদরোগে আক্রান্ত ৩৬ হাজারের বেশি শিশুর নিবন্ধন করা হয়েছে, যাদের অধিকাংশই চিকিৎসার ব্যয় বহন করতে সক্ষম নয়।

তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, এখন থেকে এই হাসপাতালের মাধ্যমে এসব শিশু সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবে।”

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মহাপরিচালক শেখ শাহাবুদ্দিন দিলাওয়ার জানান, সংস্থাটির আর্থিক সহায়তায় ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে জন্মগত হৃদরোগে আক্রান্ত প্রায় ১৫ হাজার শিশুর চিকিৎসা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নিবন্ধিত অন্যান্য রোগীদেরও নতুন এই হাসপাতালেই অস্ত্রোপচার ও চিকিৎসা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, “আমরা আফগান জনগণকে আশ্বস্ত করছি যে, বহু বছর ধরে চিকিৎসার অপেক্ষায় থাকা জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের এই হাসপাতাল আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে।”

কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটিতে সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু থাকবে এবং সব ধরনের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।


‎তথ্যসূত্র
1. Specialised hospital for treating heart defects opens in Kabul
– https://tinyurl.com/35p7rd7d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাসনব্যবস্থার গভীর সংকটে পাকিস্তান, বলপ্রয়োগে বাড়ছে রাষ্ট্রীয় অস্থিরতা