
আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে ১১টি চীনা ও রুশ নির্মিত সাঁজোয়া ট্যাংক সম্পূর্ণ মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করেছে ইমারাতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কর্মশালার পেশাদার ও কারিগরি দলের ধারাবাহিক প্রচেষ্টায় ট্যাংকগুলো পুনরায় সচল করা হয়েছে। ট্যাংক গুলো এখন সামরিক অভিযানে ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, মেরামত সম্পন্ন হওয়া ট্যাংকগুলোর মধ্যে সাতটি ‘টি-৬২’ এবং চারটি ‘টি-৫৫’ মডেলের। দীর্ঘ কারিগরি প্রক্রিয়া শেষে প্রতিটি ট্যাংক সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে এবং সেগুলো এখন পূর্ণাঙ্গভাবে অপারেশন পরিচালনার উপযোগী।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় কর্মশালার পেশাদার ও প্রযুক্তিগত দল নিয়মিতভাবে সামরিক সরঞ্জাম পুনরুদ্ধার ও আধুনিকায়নের কাজ চালিয়ে যাচ্ছে। সর্বশেষ মেরামত করা এই ১১টি সাঁজোয়া ট্যাংকও সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যা জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই উদ্যোগের মাধ্যমে ইমারাতে ইসলামিয়া নিজস্ব কারিগরি সক্ষমতার ওপর নির্ভর করে সামরিক সরঞ্জাম পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রয়োজনের সময় এসব ট্যাংক দ্রুত মোতায়েনের উপযোগী হওয়ায় দেশের প্রতিরক্ষা প্রস্তুতি আরও সুসংহত ও কার্যকর হবে।
তথ্যসূত্র
1. The Ministry of National Defense has repaired and prepared 11 armored tanks for operation
– https://tinyurl.com/mtju9yxk


