
দেশের বাইরে চিকিৎসা নির্ভরতা কমিয়ে জনগণের জন্য নিজ দেশেই আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন এক দিগন্তের সূচনা করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার জন্য একটি সমন্বিত কেন্দ্র নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পটির ৯৪ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং অচিরেই এটি চালু করা হবে।
কাবুল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান সংশ্লিষ্ট আলি আবাদ শিক্ষণ হাসপাতালে অবস্থিত এই কেন্দ্রটি ৩৩৫ মিলিয়ন আফগানিরও বেশি ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। কর্মকর্তারা জানান, মূল কাঠামোগত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে কেবল প্রযুক্তিগত ও সৌন্দর্যবর্ধন সংক্রান্ত কাজ বাকি রয়েছে।
সংশ্লিষ্টরা বলেন, কেন্দ্রটি চালু হলে দেশে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং রোগীদের বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমে আসবে।
এছাড়া এই কেন্দ্রটি কাবুল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করবে, যা দক্ষ চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এসব প্রকল্পের মূল উদ্দেশ্য হলো চিকিৎসা ব্যয় হ্রাস করা, রোগী ও তাদের পরিবারের ভোগান্তি কমানো এবং দেশের অভ্যন্তরেই উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং দেশের স্বাস্থ্যখাত আরও শক্তিশালী হবে।
তথ্যসূত্র
1.Cancer Treatment Center Construction Reaches 94% Completion
- https://tinyurl.com/2tstbvy3


