
আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পে আত্মনির্ভরশীলতার লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে ইমারাতে ইসলামিয়া। দেশব্যাপী সিমেন্টের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ঘোরি সিমেন্ট কারখানার উৎপাদন সক্ষমতা ৮ গুণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
জাতীয় উন্নয়ন কোম্পানির প্রধান একটি প্রতিনিধিদল নিয়ে বাগলান প্রদেশে ঘোরি সিমেন্ট কারখানার তৃতীয় ধাপের নির্মাণকাজ পরিদর্শন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধাপের নির্মাণকাজ ইতোমধ্যে প্রায় ১০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং দ্রুতগতিতে এগিয়ে চলছে।
জাতীয় উন্নয়ন কোম্পানির মুখপাত্র নবি উল্লাহ আরঘান্দিওয়াল বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় একটি সিমেন্ট কারখানা নির্মাণ করা হচ্ছে। তিনি জানান, প্রকল্পটি সম্পন্ন হলে কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা বর্তমান ৭০০ টন থেকে বেড়ে ৫৭০০ টনে উন্নীত হবে।
বর্তমানে এই প্রকল্পের পাশাপাশি দেশে আরও পাঁচটি সিমেন্ট উৎপাদন কারখানা্র নির্মাণ কাজ চলমান রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের বৃহৎ প্রকল্প দেশীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে।
সামগ্রিকভাবে, এসব প্রকল্প বাস্তবায়ন হলে আফগানিস্তানের সিমেন্ট খাতে আত্মনির্ভরতা অর্জনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
তথ্যসূত্র
1. Ghori Cement Factory Expansion Reaches 10% Completion
– https://tinyurl.com/anexkwss


