
দেশের দক্ষিণাঞ্চলের জনগণের খাবার পানি সংকট মোকাবিলায় কান্দাহার প্রদেশের ১৮টি জেলায় গত বছর ৪৪টি বিশুদ্ধ পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন।
কান্দাহারের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ১৪৮ মিলিয়ন আফগানির বেশি ব্যয়ে নির্মিত এসব প্রকল্পের মাধ্যমে প্রায় ১৩ হাজার ২০০ পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি পাচ্ছে। চলতি বছর অতিরিক্ত আরও ২০টি পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
কান্দাহারের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের প্রধান দোস্ত মোহাম্মদ সাঈদ জানান, ডুরান্ড কাল্পনিক রেখা সংলগ্ন স্পিন বোল্ডাক, রেজিস্থান, মিয়ানশিন ও শোরাবাক জেলাগুলো দীর্ঘদিন ধরে তীব্র পানিসংকটে ভুগছে। এসব এলাকায় বাঁধ নির্মাণ এবং পানি সরবরাহ নেটওয়ার্কের মাধ্যমে পানি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সম্প্রতি পানি সরবরাহ, সেচ ও কৃষি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। সম্প্রতি কাবুলের শাহ ও আরুস বাঁধে পানির স্তর বৃদ্ধি, ফারিয়াবে পানীয় পানি নেটওয়ার্ক নির্মাণ এবং হেলমান্দে সেচ খাল পুনরুদ্ধারের ব্যবস্থা নেয়া হয়েছে। কান্দাহারের এই বৃহৎ পানি প্রকল্প দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1.Over 13,000 Kandahar Households Gain Access to Clean Water
– https://tinyurl.com/5232f9cx


