
২২ এপ্রিল হতে ২৪ এপ্রিল কাজাখস্তানের রাজধানী আস্তানায় মধ্য এশিয়ার দেশসমূহ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের মধ্যে একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেছেন ইমারাতে ইসলামিয়ার ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির পরিচালক মৌলভী মতিউল হক খালিস হাফিযাহুল্লাহ ও তাঁর নেতৃত্বাধীন আফগান প্রতিনিধিগণ।
সম্মেলনে তিনি বর্তমান আফগানিস্তানের পরিবেশগত পরিস্থিতি, জলবায়ু চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় আঞ্চলিক যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেছেন।
ইমারাতে ইসলামিয়া সরকারের পরিবেশ সংরক্ষণ সংস্থা ঘোষণা দেয় যে, শীর্ষ সম্মেলনে ২০২৬-২০৩০ সময়ব্যাপী যৌথ কর্মসূচী বাস্তবায়ন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় বাড়াতে সম্মত হয়েছে অংশগ্রহণকারী দেশসমূহ।
সম্মেলনে সম্পাদিত চুক্তির মূল বিষয়াবলীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আরাল সাগর রক্ষা, পানির ঘাটতি মোকাবেলা, বায়ু দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তন থেকে উদ্ভূত ঝুঁকি হ্রাস করার জন্য যৌথ পদক্ষেপ। উল্লেখ্য, আরাল সাগর মধ্য এশিয়ার অন্যতম বৃহত্তম হ্রদ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে বর্তমানে এই হ্রদের উল্লেখযোগ্য পরিমাণ শুকিয়ে গেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bde3ndut


