
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও লেবাননে দখলদার ইসরায়েলের ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ এসব হামলায় ছয়জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আনাদুলু জানিয়েছে, ২৫ এপ্রিল, শনিবার দক্ষিণ লেবাননের কান্তারা, কুসাইর, ওয়াদি হাসান, ইয়োহমর আল-শাকিফ এবং হৌলা এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ চালায়। এসব হামলায় মোট ৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইয়োহমর আল-শাকিফ এলাকায় একটি মোটরসাইকেল ও একটি ট্রাক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে সেখানে ৪ জন নিহত হন। এছাড়া বিনত জুবেইল জেলার সাফাদ আল-বাত্তিখ এলাকায় বিমান হামলায় আরও ২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
এদিকে দখলকৃত খিয়াম শহরে দখলদার ইসরায়েলি বাহিনী বিস্ফোরক ব্যবহার করে ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রেখেছে। একই সঙ্গে রাজধানী বৈরুতের আকাশে নিচু দিয়ে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, সীমান্তে উত্তেজনা শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন তীব্র আকার ধারণ করেছে। এতে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
তথ্যসূত্র
1.Israeli strikes kill 6 in Lebanon despite ceasefire
– https://tinyurl.com/3ux2dp5e


