
সাম্প্রতিক বাংলাদেশে খুনোখুনি ও অপরাধ প্রবণতার ঘটনা অত্যন্ত উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে দেশজুড়ে অন্তত ২৮৮টি হত্যাকাণ্ড, ২ হাজার ১১টি নারী-শিশু নির্যাতন, ১৫২টি ডাকাতি, ৯৪টি অপহরণ এবং ১০৭৩টি চুরি ঘটনা ঘটেছে।
দৈনিক মানবজমিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক মাসেই (এপ্রিলে) ঢাকা মেট্রোপলিটন এলাকায় কমপক্ষে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় হত্যাকাণ্ড হয়েছে ৪টি। খুলনা মেট্রোপলিটনে ২টি, বরিশাল মেট্রোপলিটনে ২টি, সিলেট মেট্রোপলিটনে ৩টি, রংপুর মেট্রোপলিটনে ১টি, গাজীপুর মেট্রোপলিটনে ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মেট্রোপলিটন ছাড়াও ঢাকা রেঞ্জের বিভিন্ন এলাকায় অন্তত ৬৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ছাড়া ময়মনসিংহ রেঞ্জে ১৭টি, চট্টগ্রাম রেঞ্জে ৫৪টি, সিলেট রেঞ্জে ২৪টি, খুলনা রেঞ্জে ২৪টি, বরিশাল রেঞ্জে ১৫টি, রাজশাহী রেঞ্জে ৩৬টি, রংপুর রেঞ্জে ১৭টি ও রেলওয়ে রেঞ্জের আওতায় ৩টি হত্যাকাণ্ড ঘটেছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের সংখ্যাও কম না।
এপ্রিলে সারা দেশে অন্তত ২ হাজার ১১টি নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তন্মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকাতেই ১৬৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ৫১টি, খুলনা মেট্রোপলিটনে ৫টি, রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ২৩টি, বরিশাল মেট্রোপলিটনে ১৮টি, সিলেট মেট্রোপলিটনে ৫টি, রংপুর মেট্রোপলিটনে ৭টি, গাজীপুর মেট্রোপলিটনে ৩৪টি, ঢাকা রেঞ্জের বিভিন্ন এলাকায় ৩৭৫টি, ময়মনসিংহ রেঞ্জে ১০৮টি, চট্টগ্রাম রেঞ্জে ২৮৫টি, সিলেট রেঞ্জে ৭৮টি, খুলনা রেঞ্জে ১৬৩টি, বরিশাল রেঞ্জে ২০০টি, রাজশাহী রেঞ্জে ২৫২টি, রংপুর রেঞ্জে ২৩৭টি ও রেলওয়ে রেঞ্জের আওতায় অন্তত ২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।
অন্যদিকে দেশে এক মাসে ১৫২টি ডাকাতি, ৯৪টি অপহরণ, ১০৭৩টি চুরি, ১৩৯টি অস্ত্র, ৭ হাজার ২৯১টি অন্যান্য অপরাধসহ মোট ১৭ হাজার ১৮০টি অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।
তথ্যসূত্র:
১। এপ্রিলেই ২৮৮ খুন
– https://tinyurl.com/4by8wvk5


