
নাকবা দিবসে গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৫ মে, শুক্রবার গাজা শহরের রিমাল এলাকায় চালানো দুটি পৃথক হামলায় এক শিশুসহ অন্তত সাতজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
স্থানীয় চিকিৎসাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আলজাজিরা জানিয়েছে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ঘনবসতিপূর্ণ একটি বহুতল আবাসিক ভবনে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মুহূর্তেই ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা।
প্রথম হামলার কিছুক্ষণ পর নিকটবর্তী একটি সড়কে চলমান একটি গাড়িকে লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এতে হতাহতের সংখ্যা আরও বাড়ে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলার শিকার ভবনটিতে শত শত মানুষ বসবাস করছিলেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা আগুন ও ধ্বংসস্তূপের মধ্য থেকে মরদেহ ও আহতদের বের করে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন।
নাকবা দিবসের ৭৮তম বার্ষিকীতে এ হামলা হয়েছে। এদিন ১৯৪৮ সালের যুদ্ধে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আনুমানিক ৭ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়েছিলেন।
এদিকে চলমান আগ্রাসনের কারণে গাজার ২০ লাখের বেশি মানুষ চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। খাদ্য, পানি ও চিকিৎসাসেবার সংকটে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন।
তথ্যসূত্র
1. Seven killed in Gaza on Nakba Day as Israel says it targets Hamas member
– https://tinyurl.com/4yptssrx


