
নেদারল্যান্ডসের রটারডাম শহরের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের দেয়াল ভাঙচুর, বিয়ারের বোতল নিক্ষেপ এবং ভবনের সামনে অশোভন আচরণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন)।
২৯ মে (শুক্রবার) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ছয়জন হামলাকারী মেভলানা মসজিদে ভাঙচুর চালায়।
সংস্থাটি জানায়, হামলাকারীরা মসজিদের একটি মোজাইক দেয়াল নষ্ট করে। পাশাপাশি তারা ভবনটির দিকে বিয়ারের বোতল ছুড়ে মারে এবং এর সামনের অংশে প্রস্রাব করে।
বিবৃতিতে বলা হয়, মসজিদ কর্তৃপক্ষ বারবার পুলিশকে ফোন করলেও যথাসময়ে সাড়া না দিয়ে হামলাকারীরা এলাকা ছেড়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, মুসলিমদের ও মসজিদ লক্ষ্য করে হামলার ঘটনা বাড়তে থাকায় মুসল্লিরা ক্রমশ নিরাপত্তার অভাব বোধ করছেন। তবে ঘটনাস্থলে আসা পুলিশ কর্মকর্তারা এ ঘটনাকে ‘সরাসরি হস্তক্ষেপ করার মতো কোনো হুমকি বা জরুরি পরিস্থিতি’ হিসেবে বিবেচনা করেনি।
পুলিশের এমন মূল্যায়নের তীব্র সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, পুলিশের এই মনোভাব বোঝা কঠিন। যেকোনো পরিস্থিতিতে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই তাদের ধর্মপালনের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। হামলার পাশাপাশি পুলিশের সাড়া দিতে এমন বিলম্বের ঘটনা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
আইএসএন জানিয়েছে, তারা এই হামলার ঘটনায় একটি আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে তদন্ত করার অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, এর আগেও নেদারল্যান্ডসের বিভিন্ন শহরে একাধিকবার মসজিদে হামলা চালিয়েছে উগ্রবাদীরা। এসব ঘটনার পর মুসলিম সংগঠনগুলো বারবার সরকারের কাছে মসজিদগুলোর নিরাপত্তা জোরদার এবং ইসলামবিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় নি।
বিশেষজ্ঞদের মতে, ডাচরা মানবতা আর সেক্যুলারিজমের কথা বললেও বাস্তবে তারা ডানপন্থী সরকার ক্ষমতায় বসিয়েছে। ফলশ্রুতিতে ইসলামবিদ্বেষী ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে
তথ্যসূত্র:
- https://tinyurl.com/2v3dfntk


