
২ জুন, মঙ্গলবার দক্ষিণ লেবাননের সাইদা জেলার মারওয়ানিয়েহ শহরে একটি আবাসিক ভবনে বর্বর ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে লেবাননের সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা।
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধারকারী দল মঙ্গলবার সকাল পর্যন্ত অব্যাহত তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। সংস্থাটির মহাপরিচালক দপ্তর এক বিবৃতিতে জানায়, চলমান ইসরায়েলি হামলা এবং কঠিন পরিস্থিতি সত্ত্বেও উদ্ধারকর্মীরা তাদের দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।
১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। মারওয়ানিয়েহর এই হামলা চলমান সংঘাতে বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে নাবাতিয়েহ জেলার কাফরসির শহরে অবস্থিত সিভিল ডিফেন্স কেন্দ্র লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বিমান বাহিনী। লেবাননের সিভিল ডিফেন্সের মহাপরিচালক দপ্তর জানিয়েছে, হামলায় কেন্দ্রটির ভবন ও বিভিন্ন উদ্ধার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক ও জরুরি সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সংস্থাটি তীব্র নিন্দা জানিয়েছে।
দক্ষিণ লেবাননজুড়ে অব্যাহত এই হামলাগুলো বেসামরিক জনগণ, জরুরি সেবাকর্মী এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমবর্ধমান ঝুঁকি সৃষ্টি করছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও হামলা অব্যাহত থাকায় অঞ্চলটির মানবিক পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।
তথ্যসূত্র
1. Israeli Strike Wipes Out Family of Six in Lebanon, Civil Defense Center Hit
– https://tinyurl.com/yp6af96bjoma


