
আফগানিস্তানে ঈদুল আযহার দিনগুলোতে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও প্রাকৃতিক সৌন্দর্যসমৃদ্ধ এলাকাগুলোতে প্রায় ৪০ লাখ দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের তুলনায় এ বছর পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে, পর্যটন এলাকায় দর্শনার্থীদের এই ব্যাপক সমাগম দেশের পর্যটন শিল্পের অভূতপূর্ব উন্নয়নেরই ইঙ্গিত বহন করে।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নতুন পর্যটন এলাকা গড়ে তোলা, ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সেবার ব্যবস্থা করা, অবকাঠামোগত ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ফলে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এসব পদক্ষেপ দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে তুলেছে এবং দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়াতে সহায়তা করেছে।
উল্লেখ্য, এর আগে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছিল যে, ঈদুল ফিতরের দিনগুলোতেও আফগানিস্তানের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অঞ্চলগুলোতে ২০ লাখেরও বেশি দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেছিলেন। সেই তুলনায় ঈদুল আযহায় পর্যটকের সংখ্যা প্রায় দ্বিগুণ হওয়ায় আফগানিস্তানের পর্যটন খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতির চিত্র ফুটে উঠেছে।
তথ্যসূত্র
1. Around four million tourists visited Afghanistan’s tourist areas during the days of Eid al-Adha
– https://tinyurl.com/5f6w3rf2


