
ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠার মধ্য দিয়ে আফগান জনগণের বহুদিন ধরে বঞ্চিত মৌলিক অধিকার পুনরুদ্ধারের এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। সম্প্রতি সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয় দেশের বিভিন্ন প্রদেশে তাদের এক সপ্তাহব্যাপী কার্যক্রমের একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে, যা সরকারের ন্যায়বিচার ও সমাজ সংস্কারের প্রতিশ্রুতিকে আবারও সামনে এনেছে।
গত সপ্তাহে মন্ত্রণালয়টির অধীনস্থ বিভিন্ন বিভাগ দেশজুড়ে নারী অধিকার সংক্রান্ত মোট ২০৪টি পৃথক ঘটনা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে। এসব অভিযোগের মধ্যে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, পারিবারিক সহিংসতা, অতিরিক্ত কাবিন, বদল বিবাহ এবং অবৈধ বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল। দ্রুত পদক্ষেপ ও স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে এই মামলাগুলোর নিষ্পত্তি করা হয়।
একই সময়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ২৮টি জাতিগত বিরোধেরও সফল সমাধান করা হয়েছে। এই বিরোধগুলি এলাকায় শান্তি ও সম্প্রীতি বিনষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় আলেম ও প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় এসব জটিল বিরোধ নিষ্পত্তি করে সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে।
সমাজ থেকে ক্ষতিকর প্রথা ও কুসংস্কার দূর করার অংশ হিসেবে মন্ত্রণালয়টি আরেকটি সফল অভিযান পরিচালনা করে। এই সময়ে বিভিন্ন এলাকা থেকে জাদু-টোনা ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই ধরনের ব্যক্তিরা সাধারণ মানুষের মধ্যে অন্ধবিশ্বাস ও ভয়ের সৃষ্টি করে আসছিল। তাদেরকে আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচারের জন্য শরিয়া আইনের অধীনে বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নারীর অধিকার সংরক্ষণ এবং সমাজে ন্যায়ভিত্তিক আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ইমারাতে ইসলামিয়া দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তথ্যসূত্র
1.Ministry of Virtue and Vice Addresses 204 Women’s Rights Cases in One Week
– https://tinyurl.com/y73m5w39


