
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহহার বালখি হাফিযাহুল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠককে উভয় পক্ষের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক আলোচনা হিসেবে বর্ণনা করা হয়েছে। ইমারাতে ইসলামিয়া দায়িত্ব গ্রহণের প্রায় পাঁচ বছর পর ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত এ বৈঠককে কূটনৈতিক অঙ্গনে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে আফগান নাগরিকদের কনস্যুলার সেবা, পারস্পরিক আস্থা বৃদ্ধির পদক্ষেপ এবং ইউরোপে অবস্থানরত আফগান শরণার্থীদের সম্মানজনক ভাবে স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। বৈঠক শেষে আব্দুল কাহহার বালখি হাফিযাহুল্লাহ বলেন, ইউরোপীয় অঞ্চলে বসবাসরত আফগানদের জন্য বিস্তৃত কনস্যুলার সেবা পুনরায় চালু করা, কনস্যুলার উপস্থিতি বৃদ্ধি এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্য রাষ্ট্র বর্তমানে আফগান শরণার্থীদের স্বদেশে ফেরত পাঠানোর প্রত্যাবাসন নীতিকে জোরদার করার উদ্যোগ নিয়েছে। এ প্রেক্ষাপটে আফগানিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সমন্বয়ের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাওয়ায় ব্রাসেলসে এই বৈঠকের আয়োজন করা হয়। ইউরোপীয় কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার মূল উদ্দেশ্য ছিল আফগান শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন সংক্রান্ত কারিগরি বিষয়গুলো নিয়ে মতবিনিময়।
উল্লেখ্য, ২০২১ সালে ইমারাতে ইসলামিয়া পুনঃপ্রতিষ্ঠার পর ইউরোপের অধিকাংশ দেশ আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক সীমিত করলেও বাস্তব প্রয়োজনের কারণে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে। চলতি বছরের জানুয়ারিতে ইউরোপীয় কমিশনের একটি প্রতিনিধিদল কাবুল সফর করেছিল। ব্রাসেলসের সাম্প্রতিক বৈঠককে সেই যোগাযোগের ধারাবাহিকতায় আরও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তরে ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধিদলের এই বৈঠক শুধু অভিবাসন ইস্যুতেই সীমাবদ্ধ নয়; বরং এটি আফগানিস্তানের সঙ্গে ইউরোপের বাস্তবভিত্তিক যোগাযোগ ও সহযোগিতার একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করে। বিশেষ করে ইউরোপে বসবাসরত আফগান নাগরিকদের বিভিন্ন কনস্যুলার সমস্যার সমাধান এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. EU to hold migration meeting with Taliban officials in Brussels
– https://tinyurl.com/26tpmz4t
2. Afghan Taliban hold first, closed-door talks with EU on deportations
– https://tinyurl.com/yvsekbz5


