
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর মাহমুদা আক্তার (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের নিকটবর্তী ঝোপঝাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। মাহমুদা ওই গ্রামের ইদ্রিস মোল্লা নামে এক ব্যক্তির মেয়ে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
জানা যায়, শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে মাহমুদা বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাত ৯টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে শিশুটির বিবস্ত্র লাশ উদ্ধার করে।
নিহতের ভাবি শাহনাজ বেগম সাংবাদিকদের জানায়, মাহমুদার লাশ বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে এবং তার পরনের পোশাকও সেখানে ছিল না। তিনি স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
স্বজনদের একটি অংশের দাবি, খেলার সময় সৃষ্ট বিরোধ কিংবা যৌন নির্যাতনের ঘটনার জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র:
১। ফরিদপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ৯ বছরের শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার
– https://tinyurl.com/5a742hnf


