
টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় আট বছর বয়সী এক রোহিঙ্গা মুসলিম শিশুর মৃত্যু হয়েছে। একই দিনে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় আরও দুটি আশ্রয়কেন্দ্র (শেল্টার) ক্ষতিগ্রস্ত হলেও সেসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদ মাধ্যমে জানা যায়, বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে একটি আশ্রয়কেন্দ্রের ওপর পাহাড়ধস হলে জমির হোসেনের ছেলে নুনু জিয়া (৮) মাটিচাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে একই দিন দুপুর ২টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত বৃষ্টির কারণে রোহিঙ্গা ক্যাম্প-২০-এর এম-৮ ও এম-৩২ ব্লকে পৃথকভাবে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে দুটি আশ্রয়কেন্দ্র বসবাস ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তবে ওই দুই ঘটনায় কেউ হতাহত হননি।
তথ্যসূত্র:
১। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত দুটি আশ্রয়কেন্দ্র
– https://tinyurl.com/ysuuj65c


